
নতুন ফটোশুটে গোলাপি আভাযুক্ত স্যাটিনের পোশাকে ভক্তদের নজর কেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। খোলা চুল, স্নিগ্ধ সাজ আর মায়াবী অভিব্যক্তিতে তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য ও নিজস্ব ফ্যাশন-ভাবনার জন্যও পরিচিত জয়া আহসান। পর্দার বাইরের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিভিন্ন মুহূর্তের ছবি ভক্তদের আগ্রহের কেন্দ্র হয়ে ওঠে।
নতুন ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’ ছবিতে কখনো টেবিলে ভর দিয়ে, আবার কখনো চেয়ারে বসে ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। হালকা গোলাপি পোশাক ও নরম সাজে ফুটে উঠেছে তাঁর স্বতন্ত্র ফ্যাশন-ভাবনা।
ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’